
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে

ভাংচুরের পর কালিমা লেপন করা হয় বঙ্গবন্ধুর ম্যূরালে। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধুর ম্যুরালে কালিলেপন ও ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার রাতে বাংলাদেশের জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালটি কালো কালি দিয়ে লেপন করে দেয় এবং কিছুটা অংশ ভেঙ্গে ফেলে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। নিন্দার ঝড় বইছে সোস্যাল মিডিয়ায়।
মিশিগান স্টেটের ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরে প্রবেশের পরেই চোঁখে পড়ে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি। এই ম্যুরালটি উদ্বোধন করা হয় ২০২০ সালের ১৬ আগষ্ট। এটি মিশিগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হিসেবে তৈরী করা হয়। রাতের আধারে দৃষ্টিনন্দন ম্যুরালটির সামনের দিকে কালো রঙ স্প্রে করে সৌন্দর্য্য নষ্ট এবং কিছু অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসীরা। ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িত/দের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৯ ফেব্রুয়ারি সভা করেছে মিশিগান স্টেট এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মিশিগান থেকে সাংবাদিক আশিক রহমান জানান, এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদে দুই দফা সভা অনুষ্ঠিত হয়েছে হ্যামট্রামিক শহরে। মিশিগান স্টেট আওয়ামি লীগের সভাপতি ফারুক আহমেদ চান ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার পরিচালনায় প্রথমটি এবং বিকালে মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের পরিচালনায় অনুষ্ঠিতসমাবেশে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি বাবুল আহমেদ বাচ্চু,সালেহ আহমদ বাদল, আব্দুল মালেক, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ -সভাপতি মোহাম্মদ সুলেমান খান, মাহবুবে রাব্বি খান, নুরুল হাসান পারভেজ, মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, রুম্মান চৌধুরী ইভান, সৈয়দ এয়াহিয়া, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইজাজুল হোসাইন ও ছাত্রলীগের আহবায়ক খাজা আফজল সহ অনেকে।
ক্ষুব্ধচিত্তে নেতৃবৃন্দ বলেন,‘এটা গনতান্ত্রিক দেশে হেইট ক্রাইম- ভিন্ন দেশের স্থাপত্য বা সংস্কৃতিকে অবমূল্যান করা বা ভাংচুর করা, এটি খুবই ঘৃনিত কাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন আচরণে লিপ্তদের প্রতি ধিক্কার ও নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। অনেকে বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি সবার এবং পুরো জাতির। তাই এই ম্যুরালটি রক্ষা করা সবারই দায়িত্ব।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ জানান, ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের চিহ্নিত করতে মাঠে নেমেছে ডেট্রয়েট সিটি পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী মিশিগান আওয়ামী লীগ,যুবলীগসহ অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৬ আগস্ট পাথরের তৈরি ৯ ফুট উঁচু এবং ৫ ফুট প্রশস্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ করে মিশিগান স্টেট যুবলীগ। সেদিন কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স,পল ওজনো,লরি স্টোন সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ম্যুরালটির উদ্বোধন করেন। ম্যুরালটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় ৮ হাজার ডলার। অপরদিকে বাঙালি জাতি সত্তার প্রতিক বঙ্গবন্ধুর ম্যুরালটি পুনঃসংস্কার করে সৌন্দর্য ফিরিয়ে আনা হবে বলে জানান মিশিগান স্টেট যুবলীগের নেতৃবৃন্দ। আরো উল্লেখ্য, একই শহরের প্রবেশ মুখে অর্থাৎ কনান্ট এভিনিউতে (বাংলাদেশ এভিনিউ) স্থাপিত বাংলা টাউনের নামফলকটিতেও গত ৫ নভেম্বর কে বা কারা কাল রং ছিটিয়েছে। সে ঘটনায় জড়িতরা এখনও শনাক্ত হয়নি বলে পুলিশ জানায়। বাংলা টাউনের নামফলক কালিমালিপ্ত করার সাথে বঙ্গবন্ধুর ম্যূরাল ভাঙচুর ও কালিমা লেপনের যোগসূত্র রয়েছে বলে এলাকাবাসীর ধারণা।



