
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বস্টনস্থ ক্যাম্ব্রিজ সিটি হলের সামনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র সাইনবোর্ড। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আমেরিকার বহুজাতিক সমাজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে ম্যাসাচুসেটস স্টেটের ক্যামব্রিজ সিটি হলের সামনে ওঠানো হয়েছে বড় আকারের সাইনবোর্ড।
সিটি মেয়র সুম্বুল সিদ্দিকীর উদ্যোগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ সাইনবোর্ডটি ওঠানো হয়েছে এবং এ আবেদন জানিয়েছিল ‘ভিনগোলার্ধ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে। প্রবাসীদের সংগঠন ‘ভিনগোলার্ধ’র কর্মকর্তা কবি ও ছড়াকার বদিউজ্জামান নাসিম এজন্যে সিটি মেয়রসহ সকল কাউন্সিলম্যানদের ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রদত্ত বিবৃতিতে (ফেসবুকে) নাসিম উল্লেখ করেছেন, বস্টনস্থ ক্যামব্রিজ সিটি নানান বিবেচনায় বিশ্বের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ন শহর।
এই শহরের কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে বাঙালি হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। উল্লেখ্য, এ বছর ক্যালিফোর্নিয়া স্টেটের পেরিস সিটির অর্থায়নে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। আর এ আবেদন জানিয়েছিলেন সেই সিটির ১০ প্রবাসীর সমন্বয়ে গঠিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি’। ২১ ফেব্রুয়ারি সেটির উদ্বোধন করেছেন সিটি মেয়র মাইকেল এম ভারগার্সকে পাশে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। আরো উল্লেখ্য, এ বছরই নিউইয়র্ক সিটি কাউন্সিল ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র স্বীকৃতি দিয়ে একটি রেজ্যুলেশন পাশ করেছে। কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করেন নিউইয়র্কের জনপ্রিয় কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটির আহবান জানিয়েছেন সেই প্রস্তাবে। অর্থাৎ মায়ের ভাষার অধিকার সংহত রাখতে বাঙালির রক্তদানের দিনটিকে বহুজাতিক এ যুক্তরাষ্ট্রেও বিশেষ একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করার আন্তরিক একটি প্রয়াস পরিলক্ষিত হচ্ছে।



