
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১২০ বার পঠিত | পড়ুন মিনিটে

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে ফ্লোরিডায় বুধবার রাতে স্বাগত জানান এশিয়ান ফুড ফেয়ারের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ অধিকাংশ অতিথিই ফ্লোরিডায় এসেছেন ২৭তম এশিয়ান এক্সপো (ফুডফেয়ার এ্যান্ড কালচারাল শো)তে যোগদানের জন্যে। ৪-৫ মার্চ এখানকার ওয়েস্ট পামবীচে ‘ফেয়ার গ্রাউন্ড সাউথ ফ্লোরিডা’য় অনুষ্ঠিতব্য এ এক্সপো উপলক্ষে আগত বিশিষ্টজনদের নিয়ে ডিনার পার্টি হবে ৩ মার্চ শুক্রবার স্থানীয় একটি হোটেলে।
এক্সপোর হোস্ট ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র প্রেসিডেন্ট এম রহমান জহীর জানান, সকল প্রস্তুতি সম্পন্ন প্রত্যাশার পরিপূরক একটি মেলা উপহার দেয়ার জন্যে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, জাপান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের লোকজন আসছেন স্টল ও অনুষ্ঠান নিয়ে। অংশগ্রহণকারি দেশসমূহের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ক আরো মধুর করতে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, মেক্সিকোতে বাংলাদেশী পণ্যের প্রসার ঘটাতে কার্যকর কিছু পরিকল্পনা রয়েছে এই উৎসবের ফাঁকে।
কম্যুনিটি লিডার জহীর উল্লেখ করেন, বিভিন্ন সিটির মেয়র, ফ্লোরিডার কংগ্রেসম্যান, জর্জিয়া ও ফ্লোরিডার স্টেট সিনেটররাও থাকবেন এ উৎসবে। নিউইয়র্ক, নিউজার্সি, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি প্রভৃতি এলাকা থেকে লোকজন আসছেন এ উৎসবে। খাদ্য-পণ্যের প্রদর্শনীর পাশাপাশি থাকবে খোলামেলা আলোচনা এবং এশিয়ান দেশসমূহের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম প্রজন্মের পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যরাও নানা অনুষ্ঠানে থাকবেন। অর্থাৎ এশিয়ান কালচারের সাথে প্রবাস প্রজন্মকে পরিচিত করতেও এই আয়োজনের গুরুত্ব অপরিসীম।



