Advertisement Placeholder

ফ্লোরিডায় টিপু মুন্সি : প্রবাসীদের দেশে আরো বেশী করে বিনিয়োগের এখনই সময়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডায় টিপু মুন্সি : প্রবাসীদের দেশে আরো বেশী করে বিনিয়োগের এখনই সময়

ফ্লোরিডায় ২৭তম এশিয়ান ফুড ফেয়ার এ্যান্ড কালচারাল শো উপলক্ষে ৩ মার্চ সন্ধ্যায় হোটেল হিল্টনের বলরুমে ডিনার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মন্সি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জীবন-মানের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করছেন। ইতিমধ্যেই অভাবনীয় সাফল্য দৃশ্যমান হয়েছে যা গোটাবিশ্ব অবাক বিস্ময়ে অবলোকন করছে। বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেন, এখন সময় হচ্ছে প্রবাসীদেরও আরো বেশী করে বিনিয়োগ করা। এবং প্রিয় জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই এটা করা জরুরি।

টিপু মুন্সি উল্লেখ করেন, যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তেমন সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ রচনার পথে অনেক দূর এগিয়েছি আমরা। প্রবাসীরা আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হলে ২০৪১ সালের মধ্যেই উন্নত বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণ হবে।

একই অনুষ্ঠানে বিশেষ সম্মানীত অতিথির বক্তব্যে জর্জিয়ার সিনেটর শেখ রহমান বলেন, ৫২ বছর আগে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙালিরা, সেই স্বপ্নের পথে হাঁটছে বাংলাদেশ। অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। আজকের যে বাংলাদেশ, সে ব্যাপারে ৩০/৪০ বছর আগে কেউ কল্পনাও করেননি। আরো ভালোর জন্য পরিবর্তনের ভীষণ প্রয়োজন রয়েছে এবং উন্নয়ন আর পরিবর্তনের সাথে আপনাদের (প্রবাসীদের)ও ভূমিকা রয়েছে। আপনারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, ত্যাগ-তিতিক্ষা আপনাদেরও রয়েছে। অর্থাৎ আজকের পরিবর্তনশীল বাংলাদেশের জন্যে প্রতিটি প্রবাসীও গর্বিত।

সিনেটর রহমান বলেন, অতি সম্প্রতি আমি জার্মানি, ইংল্যান্ডসহ বেশ কটি দেশ ঘুরেছি, প্রতিটি দেশেই প্রবাসীরা নিষ্ঠার সাথে কঠোর শ্রম দিচ্ছেন এবং এটি আমি প্রকৃত অর্থেই বিশ্বাস করি।

বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে তিনদিনের এ ফুড ফেয়ার ও কালচারাল শো আয়োজনে বিশেষ সহায়তাকারি ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, লসএঞ্জেলেস বাংলাদেশ কন্স্যুলেটের কমার্স কাউন্সেলর এস এম খুরশিদুল আলম, হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট এম রহমান জহীর, সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ, ডিনার কমিটির চেয়ারম্যান কামরুল চৌধুরী, মেম্বার সেক্রেটারি নুরুদ্দিন শেখ, মুজিবউদ্দিন ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাওয়ার্ড কাউন্সি, ওয়েস্ট পামবীচ এলাকার কয়েকটি সিটির মেয়ররাও। ফ্লোরিডায় জন্মগ্রহণকারি নতুন প্রজন্মের দুই সদস্য আশিকুর রহমান এবং মাইশা আহমেদের বক্তব্য সকলকে অভিভ’ত করে। ৫ বছর বয়েস থেকেই তারা এই ফুড ও কালচারাল ফেয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এরা দু’জনই এখন কর্মজীবনে প্রবেশ করবেন। বাঙালি কালচারকে বহুজাতিক এ সমাজে বিকাশ ও উজ্জীবিত রাখতে অভিভাবকেরা কীভাবে সচেষ্ট রয়েছেন-তা বিবৃত হয় উভয়ের বক্তব্যে।

সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ৪ ও ৫ মার্চ ‘এশিয়ান এক্সপো’র ব্যানারে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন প্রভৃতি দেশের খাদ্য ও পণ্যের স্টলের পাশাপাশি থাকবে জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনা। বানিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে সেমিনার-সিম্পোজিয়ামও থাকবে। বিদগ্ধজনেরা এতে কথা বলছেন। ফেয়ারের বিভিন্ন পর্বে অংশগ্রহণের জন্যে নিউইয়র্ক থেকে এসেছেন ইউএসবিসিসিআইয়ের প্রেসিডেন্ট লিটন আহমেদ, খ্যাতনামা সমাজকর্মী ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, চিকিৎসক সায়েরা হক, ঢাকা থেকে বিডার আজাদুল হক প্রমুখ।

উল্লেখ্য, এশিয়ান ফেয়ারের মিডিয়া পার্টনার হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এবং এনটিভি। টাইটেল স্পন্সর হচ্ছে ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান এবং মমতা নুরুলা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার