
বিশেষ সংবাদদাতা | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | ২৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ফ্লোরিডায় এশিয়ান এক্সপো’র মূলমঞ্চে অতিথিগণের সাথে হোস্ট কমিটির শীর্ষ কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ, ভারত, জাপান, থাইল্যান্ড, চীন, পাকিস্তান, নেপাল, সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য নির্ভর গীতি-আলেখ্য পরিবেশনের পাশাপাশি এসব দেশের আমেজে খাদ্য-পোশাকের বিপুল সমাহার ঘটিয়ে ৪ ও ৫ মার্চ যুক্তরাষ্ট্রের সূর্য উদয়ের স্টেট ফ্লোরিডায় অনুষ্ঠিত হলো ‘এশিয়ান এক্সপো’। এশিয়ার দেশসমূহের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক নিয়েও সংশ্লিষ্টরা খোলামেলা কথা বলেছেন এক্সপোর ফাঁকে। বানিজ্যিক এবং সাংস্কৃতিক বন্ধন সংহত করার সংকল্পও উচ্চারিত হয়েছে।
অতিথিরা এসেছিলেন বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান থেকেও। কানাডা ছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান থেকেও জড়ো হয়েছিলেন প্রবাসীরা। আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা থাকায় সকলের মুখে মুখে ধ্বনিত হয় বাংলাদেশের চলমান উন্নয়ন-অভিযাত্রা। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং নানা প্রতিবন্ধকতা সত্বেও বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশকে আজকের পর্যায়ে আনার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনেকে অভিনন্দন জানিয়েছেন। আগামী বছরের মার্চে ‘২৮তম এশিয়ান এক্সপো’ একই সিটি তথা ওয়েস্ট পামবীচে অনুষ্ঠানের ঘোষণাও দেয়া হয় বিপুল করতালির মধ্যে। সেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণকে আরো বাড়ানোর সংকল্প ব্যক্ত করেন আয়োজকরা। উল্লেখ্য, করোনা থেকে জেগে উঠা পরিক্রমায় এবারের এক্সপো ছিল বিশেষ এক আমেজে। নিউইয়র্কস্থ ‘ইউএস বিসিসিআই’র প্রেসিডেন্ট লিটন আহমেদ এক্সপো শেষে এ সংবাদদাতার কাছে নিজের অনুভূতি ব্যক্তকালে বলেন, প্রকৃত অর্থে এই উৎসবের মধ্যদিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের সাথে নেটওয়ার্কিং হলো। এরমধ্য দিয়ে পরবর্তীতে ব্যবসায়িক সম্পর্ক রচিত হবে-যা ভবিষ্যতে প্রতিটি দেশের জন্যেই সুফল বয়ে আনবে। বাংলাদেশে বিনিয়োগের উত্তম পরিবেশ বিরাজ করছে-এটিও ভিনদেশীরা জেনে গেলেন বিস্তারিতভাবে।
৪ মার্চ শনিবার অপরাহ্নে ‘সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে’ ফিতা কেটে ফ্লোরিডায় ‘২৭তম এশিয়ান এক্সপো’ তথা ফুড ফেয়ার এ্যান্ড কালচারাল শো-ও উদ্বোধন করলেন যৌথভাবে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। সাথে ছিলেন এলাকার মেয়র গ্রেগ কে ওয়েস, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, প্রখ্যাত সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, ফ্লোরিডার ডেমক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক জুনায়েদ আকতার, ফোবানার চেয়ারপার্সন আতিকুর রহমান, কম্যুনিটি লিডার দিনাজ খান, এক্সপোর উপদেষ্টা মুজিবউদ্দিন, এনটিভির মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সমাজকর্মী তামান্না আহমেদ, নতুন প্রজন্মের সংগঠক মায়শা আহমেদ, হোস্ট সংগঠনের সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ, আয়োজক কমিটির আহবায়ক নুরুদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় সাহা, উৎসব কমিটির সেক্রেটারি শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। এ পর্বের সঞ্চালনা করেন এশিয়ান এক্সপো’র হোস্ট সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র প্রেসিডেন্ট এম রহমান জহীর।
উদ্বোধনী বক্তব্যে টিপু মুন্সি বলেন, বহুজাতিক এই মার্কিন সমাজে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য উপস্থাপনের প্রয়াসে নিয়োজিতদের ধন্যবাদ জানাচ্ছি এবং এর ধারাবাহিকতায় প্রবাস প্রজন্মেও তা বিকশিত হবে এ প্রত্যাশা করছি। সিনেটর শেখ রহমান বলেন, এ ধরনের বিশাল আয়োজনের মধ্যদিয়ে কম্যুনিটি নেতৃবৃন্দ নিজেদের যোগ্যতাকে দৃশ্যমান করেছেন এবং এর নেপথ্যে রয়েছেন কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা। এই শুভলগ্নে সকলকে অভিনন্দন এবং এশিয়ান এক্সপোর সার্বিক সাফল্য কামনা করছি।
পামবীচ কাউন্টির মেয়র ও কমিশনার গ্রেগ কে ওয়েস আয়োজকদের কর্মনিষ্ঠার প্রশংসার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশ ও বাংলাদেশী-আমেরিকানদের অভিনন্দন জানান বহুজাতিক সমাজের পরিপূরক এ আয়োজনের জন্যে। মেয়র উল্লেখ করেন যে, সামনের দিনগুলোতেও সিটি প্রশাসনের পক্ষ থেকে কম্যুনিটির জন্যে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।
চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, এশিয়ান দেশসমূহের মধ্যেকার সম্পর্ক উন্নয়নে এ আয়োজনের গুরুত্ব অপরিসীম। আশা করছি সামনের দিনগুলোতে দেশসমূহের নীতি-নির্দ্ধারকদের অংশগ্রহণ আরো বাড়বে।
দুদিনের এই উৎসবের আমেজে নাচ, গান, গীতি-আলেখ্যতে অংশ নেন এশিয়ার দেশসমূহের জনপ্রিয় শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরা। চিত্রা সুলতানার সার্বিক নির্দেশনা ও পরিচালনায় নতুন প্রজন্মের ১০০ জন শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠিত নৃত্যালেখ্যটি সকলের প্রশংসা কুড়িয়েছে। সকল বয়েসী দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, কনিকা কাপুর, অভিনন্দ সরকার, অভিজিৎ শওকান্ত, অনীমা ডি কস্টা, খোদাবক্স। নিউইয়র্কের টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের পরিবেশনাও ছিল দৃষ্টি নন্দন।
এক্সপোর মেজাজের পরিপূরক স্টল আগতদের দৃষ্টি কাড়ে দারুনভাবে। তুলনামূলক কমদামেই সকলে কাপড়-চোপড় ক্রয়ে সক্ষম হয়েছেন। বাইরে ছিল এশিয়ান খাদ্য-সামগ্রির রেস্টুরেন্ট। সেখানেই রান্না করা হয় তেহারি, পিয়াঁজো, বেগুনিসহ রুচিদায়ক সব খাবার।
উৎসবে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, স্টেট সিনেটর শেখ রহমান, নিউইয়র্কের সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং ডা. সায়েরা হক-কে।



