
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ১২৭ বার পঠিত | পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটসে সহকর্মী ও সতীর্থদের পাশে নিয়ে নিজ অফিসের উদ্বোধন করেন এটর্নী জান্নাতুল রুমা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
দীর্ঘদিন ঝুলে থাকা এসাইলাম মঞ্জুর হওয়ার ক্ষেত্রে এটর্নী জান্নাতুল রুমার বিশেষ অবদানের কথা অকপটে স্বীকার করলেন বাংলাদেশি আতিকুর রহমান। আতিক বললেন, ইমিগ্রেশন জজকে কনভিন্স করতে মাত্র ৫ মিনিট সময় নিয়েছেন এটর্নী রুমা। আমার আবেদনের পক্ষে জজকে কনভিন্স করার জন্যে যে যুক্তির অবতারণা করেছেন তা আমাকে অভিভূত করে। আমি এটর্নী রুমার ভবিষ্যত আরো উজ্জ্বল হবে এ কামনা করছি।
এমন অভিব্যক্তি প্রকাশ করা হয় ১ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে (৩৭১১ ৭৪ স্ট্রিট) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এটর্নী রুমার অফিস উদ্বোধনের সময়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিবাসনের কোর্টে ঝুলে থাকা আরো অনেকের এসাইলাম-সহ সিভিল ও ক্রিমিনাল কোর্টে বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তিতে এটর্নী রুমার প্রশংসনীয় ভূমিকার কথা বিবৃত হয় এ সময়।
সর্বস্তরে প্রতিনিধিত্বকারি বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠান এক পর্যায়ে বর্ণময় হয়ে উঠে। এটর্নী জান্নাতুল রুমা অভিবাসনের সমস্যা ছাড়াও পারিবারিক কোটা, স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল পিটিশন, বিজনেস ইমিগ্রেশনের স্ট্যাটাস চেঞ্জ, ভাড়াটে-মালিকের মধ্যেকার বিরোধ, পারিবারিক দাঙ্গা, রিয়েল এস্টেট ইস্যু-সহ যে কোন আইনগত সেবায় পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন । কম্যুনিটিতে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মেধাবি এটর্নী রুমার এমন অঙ্গিকারে সকলেই অভিভূত। কারণ, ইমিগ্রেশনের মত স্পর্শকাতর ইস্যুতে নিজের ভাষায় খোলামেলা হতে না পারলে চূড়ান্ত সাফল্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। কম্যুনিটিতে আরো ক’জন এটর্নী সর্বাত্মক চেষ্টা করছেন সহজে সর্বোচ্চ সেবা দিতে। তাদের সাঁড়িতেই যুক্ত হলেন আরেকজন বাঙালি কন্যা এটর্নী রুমা।
উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সাবলিল সঞ্চালনায় পরিবার এবং স্টাফদের পাশে নিয়ে বিপুল করতালির মধ্যে ফিতা কেটে অফিসের উদ্বোধন করলেন এটর্নী রুমা। এ সময় তার পাশে ছিলেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক-কলামিস্ট, সমাজ-সংগঠক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধিরা।
ইফতারের প্রাক্কালে ইমাম কাজী কায়্যুম কর্তৃক বিশেষ মোনাজাতের আগে উপস্থিত সুধীজনের পক্ষ থেকে নয়া এ অফিসের সামগ্রিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানো হয়। এ পর্বে অংশ নেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:) মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, সিপিএ সারওয়ারুজ্জামান চৌধুরী, আইনজীবী মজিবর রহমান, মূলধারার রাজনীতিক এবং বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুল হক, ইস্টার্ন এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানী ইস্টার্ন ইনভেস্টমেন্টের সিইও ও প্রেসিডেন্ট নুরুল আজিম, বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট শাহেদা হাই, জেবিবিএর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকু, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আহসান হাবিব, আওয়ামী লীগ নেতা মাসুদ হুসেন সিরাজি, এনজিও কর্মকর্তা ভিক্টর এলাহি প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, জাতীয় পার্টির নেতা আবুতালেব চৌধুরী চান্দু এবং ওসমান চৌধুরী, চট্টগ্রাম সমিতির নেতা সাহাবউদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ হারুন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, কবি হাসান আল আব্দুল্লাহ, জামালপুর জেলা সমিতির সভাপতি অজিৎ ভৌমিক প্রমুখ। এটর্নী রুমার আইনী লড়াইয়ে ইমিগ্রেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তিও রুমার পারফর্ম্যান্সের প্রশংসা করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও বিপুলভাবে সাড়া দেয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এটর্নী রুমার স্বামী রিয়েল এস্টেট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সমীরুল ইসলাম বাবলু।



