
বিশেষ সংবাদদাতা | সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

ইমামের ওপর হামলাকারি শেরিফ জোরবা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটির পার্শ্ববর্তী নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটির মসজিদ ওমরে ৯ এপ্রিল রবিবার ফজরের নামাজ আদায়ের সময় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ইমাম সাঈদ আল নকিব(৬৫)।
তাকে নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাইয়েগ জানিয়েছেন। পবিত্র রমজানে নামাজরত দুই শতাধিক মুসল্লীকে ডিঙ্গিয়ে ইমামকে ছুরিকাঘাতের ঘটনায় সমগ্র কম্যুনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। সিটি মেয়র অবশ্য সকলকে আশ্বাস্ত করেছেন যে, মসজিদের আশপাশে টহল বাড়ানো হয়েছে। মেয়র আরো জানান, ছুরিকাঘাতকারি যুবক শেরিফ জোরবা (৩২)কে মুসল্লীরা পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছেন।
এরফলে মুসল্লীরা রবিবার অপরাহ্নে ঐ মসজিদে নামাজ আদায় করেছেন। মসজিদ কমিটির কর্মকর্তা আব্দুল হামদান রবিবার অপরাহ্নে জানিয়েছেন, হামলাকারি মধ্যপ্রাচ্যের মুসলিম হলেও এই মসজিদের নিয়মিত মুসল্লী ছিলেন না। কর্মকর্তারা আরো জানান, ইমামের নেতৃত্বে সকলে যখন সেজদায় যান তখোনই শেরিফ হামলে পড়ে ইমামের ওপর। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলেও অনেক মুসল্লী ইমামকে রক্ষায় এগিয়ে যান এবং দুর্বৃত্তকে জাপটে ধরেন যাতে অন্য কাউকে আক্রমণ করতে না পারে। কয়েকজন তড়িত পুলিশে ফোন করেন। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ অকুস্থলে এলে দুর্বৃত্তকে তাদের কাছে সোপর্দ করা হয় এবং রক্তাক্ত ইমামকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
ইমামের ফুসফুস-সহ শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইমামের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানায়। প্যাটারসন সিটি কাউন্সিলম্যান এ্যাট লার্জ ফরিদউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, মসজিদটি মধ্যপ্রাচ্যের মুসলমানরা পরিচালনা করছেন। মুসল্লীর সিংহভাগই আরব-আমেরিকান। প্রবাসীরাও নামাজ করেন মাঝেমধ্যে।
সিটি মেয়র জানিয়েছেন, আক্রমণের মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে। তবে শেরিফের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।



