
প্রতিদিন ডেস্ক | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ডাউনটাউন লুইভিলে আবারও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। এই নিয়ে শহরটিতে পরপর ৩টি গুলির ঘটনা ঘটলো। ১৫ এপ্রিল রাত ৯টার দিকে লুইসভিলের চিকসাও পার্কে জড়ো হওয়া মানুষের মাঝে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।
চিকসাও পার্কে এলএমপিডির সহকারী প্রধান লেফটেন্যান্ট পল হামফ্রে বলেন, গুলি চালানোর সময় ‘শতশত’ লোক ওই পার্কে ছিল।
পুলিশ জানায়, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এই গুলির ঘটনায় কতজন যুক্ত ছিল বা সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।
এর আগে গত ৩ এপ্রিল শহরটির ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী কনর স্টার্জন তার পাঁচজন সহকর্মীকে গুলি করে হত্যা করেন। তার আগে ১ এপ্রিল সাড়ে ৪টার দিকে ওল্ড লুইভিলে আরও একটি গুলির ঘটনা ঘটে যাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
গণগুলির এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরটির কাউন্সিলর ডোনা পুরভিস।



