
নিজস্ব প্রতিনিধি | রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আইভি লীগে বিশ্বখ্যাত ইয়েল, ইউপেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে নিউজার্সির এ্যাগ হারবার টাউনশীপ স্কুলের ছাত্রী নুসাইবা ইসলাম দ্বাদশ গ্রেডে গ্র্যাজুয়েশন করলেন। তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, নিউজার্সি স্টেট সিনেটর ভিন্স পলিসতিনা, এ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এ্যাসেম্বলিওম্যান ক্লারি সুইফটসহ বেশ ক’জন আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্রও পেয়েছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি এবং আটলানটিক সিটির নগর কর্তৃপক্ষের মারকেনটাইল বিভাগের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বাবুল ও বিশিষ্ট ব্যবসায়ী আফসানা আনজুম দম্পতির কন্যা নুসাইবার জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে। চার ভাই-বোনের মধ্যে নুসাইবা ইসলাম দ্বিতীয়। তার বাবার গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। ছোটবেলা থেকেই মেধাবী নুসাইবা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে জড়িত রেখেছেন। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (স.)।
বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছেন। পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার। নিউজার্সির এ্যাগ হারবার শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নুসাইবা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।



