
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

লিটল বাংলাদেশের পাদদেশে ‘ ব্রুকলীন ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টিতে বিশিষ্টজনেরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
দলমতের ঊর্ধ্বে উঠে কম্যুনিটির সামগ্রিক কল্যাণে নিবেদিত থাকার উদাত্ত আহবানে ৩ জুলাই সোমবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে লিটল বাংলাদেশ চত্বরে একদল তরুন সংঘবদ্ধ হয়ে ‘ব্রুকলীন ফ্রেন্ডস সোসাইটি’র ব্যানারে বারবিকিউ পার্টি করলেন। সকলের জন্যে উম্মুক্ত এই পার্টিতে হাজারো মানুষের মধ্যে খাবার পরিবেশন করা হয়। উদ্যমী তরুণদের এ আয়োজনে অভিভ’ত এলাকার মানুষ ছাড়াও কুইন্স-ব্রঙ্কস-ম্যানহাটান থেকে আসা বিশিষ্টজনরাও।
তারা সকলেই এমন আয়োজনের গুরুত্ব উপস্থাপন করেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবসের আমেজে এ বারবিকিউ পার্টি কম্যুনিটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে যদি তা অব্যাহত রাখা সম্ভব হয়। এ সময় কম্যুনিটির নেতা জাকির এইচ চৌধুরী উচ্ছ্বাসের সাথে ঘোষণা দেন দেন প্রতি বছর এ আয়োজনে তার কোম্পানী স্পন্সর হিসেবে থাকবে। একই অঙ্গিকার করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী নাঈম টুটুল। এ সময় বিশেষ কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্রুকলীনের তরুণ সমাজের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং এধরনের সর্বজনীন আয়োজনের পরিধি যত বাড়বে তত দ্রুত কম্যুনিটির উন্নয়নের পথ সুগম হবে। চিকেন ফ্রাই করতে ব্যস্ত আয়োজকদের অন্যতম মাহমুদুল হাসান বললেন, এখানে আমরা সকলেই সমান। এমন মানসিকতা থেকেই আয়োজনটি পরিপূর্ণতা পেল।
কম্যুনিটি লিডার কাজী আজম অঙ্গিকার করলেন, সামনের বছরে আরো বড় আকারে এটি করার ইচ্ছা আছে। সব ধরনের সহায়তা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
দুপুর থেকে সন্ধ্যা ৮টা নাগাদ হাজার খানেক প্রবাসী তাদের খাবার গ্রহণ করেছেন বলে জানা গেছে।



