
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদর দফতরে বিক্ষোভের নামে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবার তিনদিন পর শনিবার লসএঞ্জেলেসে ডেমক্র্যাটিক ক্যালিফোর্নিয়া ডেমক্র্যাটিক পার্টির সম্মেলন পণ্ড হয়ে গেল গাজায় ইসরায়েলিদের বর্বরতার প্রতিবাদ জানানোর সময়। ‘এক্ষুণি যুদ্ধ বিরতি চাই’, ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ এবং ‘জেনসাইড জো’ স্লোগানে শনিবার সন্ধ্যায় লসএঞ্জেলেস সিটিতে ‘সেইফ ক্রেডিট ইউনিয়ন কনভেনশন সেন্টার’এ ঢুকে পড়ে আড়াই হাজারের অধিক বিক্ষোভকারী। তারা পুরো অডিটরিয়াম দখলে নিয়ে বাইডেনের ইসরায়েল-নীতির কঠোর সমালোচনামূলক স্লোগান দিতে থাকেন।
ঘটনার আকম্মিকতায় হতভম্ব সম্মেলন কর্তৃপক্ষ এবং শান্তিরক্ষায় নিয়োজিত কর্মকর্তারা অবস্থার অবনতির আশংকায় সকল কর্মসূচী বাতিল ঘোষণা করেন এবং সকলকে নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতির আলোকে ডেমক্র্যাটিক পার্টির মুখপাত্র শেরি ইয়াং বলেন, সম্মেলনে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী ছাড়াও ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেটের কংগ্রেসম্যানরা। তাদেরকে নিরাপত্তাহীন রেখে কর্মসূচি অব্যাহত রাখা সমীচীন হচ্ছিল না বলেই সবকিছু বাতিল করতে হয়।
উল্লেখ্য, সামনের বছরের নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের অভিপ্রায়ে এই সম্মেলন হচ্ছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মানবতার লেবাসে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় গণহত্যায় মদদ দিচ্ছেন, হাসপাতাল, স্কুলে বোমা হামলাকে জায়েজ করতে সেখানে হামাসের ঘাঁটি ছিল বলে দাবি করা হচ্ছে। অথচ সেই দাবির সমর্থনে কোনো প্রমাণ প্রদর্শনে সক্ষম হয়নি ইসরায়েলিরা। অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির দাবিতেও প্রেসিডেন্ট বাইডেন সাঁয় না দেয়ায় বিক্ষোভকারীরা বাইডেনকেও গণহত্যাকারী হিসেবে অভিহিত করে গগনবিদারি স্লোগান দিতে থাকেন।
এদিকে, ১৭ নভেম্বর শুক্রবার অপরাহ্নে নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের অফিসের সামনে ফিলিস্তিনিদের পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে ইসরায়েলি হামলায় নিহত বেসামরিক নামরিকদের স্মরণে গায়েবি জানাযায় মিলিত হন। ডেমক্র্যাটিক পার্টির প্রভাবশালী সদস্য গ্রেস মেং-এর অফিসের সাথে নিহত ফিলিস্তিনিদের কয়েকজনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জানাযার প্রাক্কালে। গাজায় নিহতদের কয়েকজন স্বজন এসময় অশ্রুসিক্ত কণ্ঠে অভিযোগ করেন যে, গর্ভবতী মা এবং নবজাতকেরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতার। হাসপাতাল গুড়িয়ে দেয়া হয়েছে গাজায়। এ অবস্থার অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্যে বাইডেনকে উদ্বুদ্ধ করতে গ্রেস মেং-কে অনুরোধ জানান। কর্মসূচীর নেতৃত্বে ছিল ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ ও ‘মেসিটা ডি লা মেমরিয়া’ নামক দু’টি মানবাধিকার সংগঠন।



