
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন ক্যাবিনেট মন্ত্রীকে ইমপিচের রেজ্যুলেশন পাস করলো প্রতিনিধি পরিষদ। এক সপ্তাহ আগে তা পাসে ব্যর্থ হলেও রিপাবলিকানরা সর্বশক্তি নিয়োগের মধ্যদিয়ে ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট বাইডেনের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি তথা স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মেয়রকাসকে ইমপিচের বিল পাস হলো ২১৪-২১৩ ভোটে। ডেমক্র্যাটদের একজনও পক্ষে ভোট দেননি। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা সুরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেয়ার অভিযোগ উত্থাপন করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই রিপাবলিকানরা বাইডেনের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে অপদস্থ করতে মরিয়া হয়ে উঠেছিলেন বলে ডেমক্র্যাটরা অভিযোগ করেছেন।
রেজ্যুলেশন পাসের সংবাদ জেনে প্রেসিডেন্ট বাইডেন ক্ষুব্ধচিত্তে প্রদত্ত বিবৃতিতে বলেছেন, ‘অসাংবিধানিক নির্লজ্জ আচরণের জন্যে রিপাবলিকানদের কখনোই ইতিহাস ক্ষমা করবে না, কারণ রিপাবলিকানরা রাজনৈতিক মতলব হাসিলের অভিপ্রায়ে একজন সম্মানীত সরকারি কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে।’ ইউএস সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমক্র্যাটিক পার্টির নেতা সিনেটর চাক শ্যুমার উল্লেখ করেছেন যে, প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটির অনুমোদন কখনোই সিনেটে পাওয়া যাবে না। কারণ ইতিমধ্যেই রিপাবলিকান পার্টির বিবেকসম্পন্ন বেশ কয়েকজন সিনেটর ঐ রেজ্যুলেশনের কঠোর সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সিনেটের অনুমোদন ব্যতিত প্রতিনিধি পরিষদের কোন ইমপিচমেন্ট-রেজ্যুলেশন কার্যকরহ য় না।
এদিকে, প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান (রিপাবলিকান-টেনেসি) মার্ক ই গ্রীণ উচ্ছ্বাসের সাথে বলেন, সরকারি কর্মকর্তা/মন্ত্রী হিসেবে মেয়রকাস সংবিধান পরিপন্থি কাজে লিপ্ত ছিলেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। তাই তাকে জবাবদিহিতার আওতায় এনে শাস্তির প্রক্রিয়া অবলম্বন করা হলো। ইমিগ্রেশন ইস্যুতে তিনি পদ্ধতিগতভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে চরম অবহেলা দেখিয়েছেন। জনগণের আস্থা হারিয়েছেন সীমান্ত ওপেন করে দিয়ে। প্রতিদিন হাজার হাজার বিদেশি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমানা পাড়ি দিচ্ছে। এর ফলে সামাজিক শান্তি হুমকির মুখে নিপতিত করা হয়েছে বলে রিপাবলিকানরা অভিযোগ করেছেন।
এই রেজ্যুলেশনের কঠোর সমালোচনা করে সিনেট লিডার চাক শ্যুমার বলেছেন, ট্রাম্পকে খুশী করতে রিপাবলিকানরা এহেন অন্যায় একটি পথে পা বাড়িয়েছেন। কারণ, মেয়রকাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি, যে জন্যে তাকে ইমপিচ হতে হবে। রাজনৈতিক কারণে একজন মন্ত্রীর বিরুদ্ধে এধরনের প্রক্রিয়া অবলম্বনের ব্যাপারটি যুক্তরাষ্ট্রের ইমিহাসে বাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
জানা গেছে, এ মাসের শেষ সপ্তাহে রেজ্যুলেশনটি অনুমোদনের জন্যে সিনেট লিডারের কাছে পাঠানো হবে। সেখানেই সেটি নাকচ হয়ে যাবে বলে সিনেটর শ্যুমার জানিয়েছেন।



