Advertisement Placeholder

গবেষণা তথ্য : ৫৫ লাখ প্রবীন আমেরিকান চরম খাদ্য সংকটে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ০২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গবেষণা তথ্য : ৫৫ লাখ প্রবীন আমেরিকান চরম খাদ্য সংকটে

২০ বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে চরম খাদ্যাভাবে নিপতিত প্রবীনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ৬০ বছরের অধিক বয়েসীরা এক বেলা খাবার গ্রহণের পর পরের বেলার খাবার আদৌ পাবেন কিনা তেমন অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন। মার্কিন কৃষি মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে ‘জার্নাল অব আমেরিকান মেডিকেল এ্যাসিয়েশন’ (জামা)র হেলথ ফোরাম অবিশ্বাস্য এ তথ্য ১ মার্চ প্রকাশ করেছে-যা শীর্ষস্থানীয় মিডিয়ায় ফলাও করে প্রচার পাচ্ছে। জনস্বাস্থ্য নিয়ে গবেষণারত ৩ জন বিজ্ঞানী এ তথ্য উদঘাটনে ১৯৯৯ থেকে ২০০৩ এবং ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই কিস্তিতে ৫ বছরের মধ্যে ৬০ বছরের অধিক বয়েসী সদস্যওয়ালা পরিবারের আয়-ব্যয়ের তথ্য বিশ্লেষণ/পর্যালোচনা করেছেন। এই গবেষণা রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তার বিষয়টি ক্রমান্বয়ে প্রহসনে পরিণত হতে চলেছে। করোনা পরবর্তী সময়ে মুদির দোকানে সবকিছুর দাম গড়পরতা ২০% করে বেড়েছে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস, পানির বিলও ৩০% এরম ত বেড়েছে। কিন্তু মাঝারি ও স্বল্প আয়ের মানুষের আয়ের পরিধি বৃদ্ধি দূরের কথা অনেকেরই হ্রাস পেয়েছে বলে ফেডারেল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

১৯৯৯ থেকে ২০১৯ সাল (করোনা পূর্ববর্তী বছর) পর্যন্ত ২০ বছরের ব্যবধানে প্রবীন আমেরিকানদের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা ৫.৬% থেকে বেড়ে ১২.৬% হয়েছে অর্থাৎ দ্বিগুণেরও বেশী। বিশ্বখ্যাত হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ’র পুষ্টিবিজ্ঞানী এবং উপরোক্ত গবেষণার অন্যতম প্রধান সিন্ডি লিউং এ প্রসঙ্গে বলেন, এটা অস্বীকারের উপায় নেই যে, প্রবীন আমেরিকান থাকা পরিবারসমূহে দীর্ঘদিন যাবতই এমন নিদারুণ পরিস্থিতি বিরাজ করছে। খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা তারা কখনো পাননি। তবে বর্তমানের পরিস্থিতি মোকাবেলায় সত্বর যথাযথ পদক্ষেপ অবলম্বন করা জরুরী হয়ে পড়েছে। প্রবীনরা ফেডারেল সরকার থেকে আরো সহজে অধিক খাদ্য-সহায়তা পেলেই পুষিকর খাদ্য-সংকটের যন্ত্রণা থেকে তারা পরিত্রাণে সক্ষম হবেন। এমন সংকটের জন্যে চিকিৎসা-ব্যবস্থায় ব্যয় বৃদ্ধি, খাদ্য-সামগ্রির মূল্য বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। ড. সিন্ডি লিউং উল্লেখ করেছেন যে, ফুডস্ট্যাম্পের বরাদ্দ বাড়াতে হবে। তাহলেও পুষ্টিকর খাদ্য নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, সেটি কিছুটা হলেও দূর হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল ৪ কোটি ৪২ লাখ আমেরিকান। ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত উপরোক্ত গবেষণা রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে ৬০ বছরের অধিক বয়সী আমেরিকানের ৫৫ লাখ চরম খাদ্য সংকটে ছিলেন। এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালে চরম খাদ্য সংকটে নিপতিত প্রবীন আমেরিকানের সংখ্যা ৭০ লাখে দাঁড়াবে বলে আশংকা করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার