
সুব্রত চৌধুরী | শুক্রবার, ২২ জুলাই ২০২২ | প্রিন্ট | ১২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

নতুন প্রজন্মের মেধাবিদের পুরষ্কার প্রদানের পর বিশেষ অতিথি নুরুল আজিমসহ অন্যদের পাশে নিয়ে বক্তব্য দেন ফজলুল কাদের। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখন্ডের মতো আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন ১৯ জুলাই মংগলবার জেগে উঠেছিল একখন্ড মিনি বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্র্সি’র উদ্যোগে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সন্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা-২০২২”।
মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল কৃতি ছাএ-ছাএী সম্বর্ধনা, আইভি লীগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়ার মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশনা।
মেলায় অতিথি ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলাণ্টিক সিটির স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, কাউন্সিলওম্যান অ্যাট লার্জ মার্শাল স্টিফ্যানি, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্ডার, আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবীব রেহমান, নিউজার্সি রাজ্যের প্রাক্তন সিনেটর ক্রিস ব্রাউন সহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা।
বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, মাথায় জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।
তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে। সময়ের সাথে পাল্লা দিয়ে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক সময় মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন ফজলুল কাদের ফাউন্ডেশন’র সভাপতি মো: ফজলুল কাদের। রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম এবং জ্যাকসন হাইট বাংলাদেশি ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ মেলার আহবায়ক কুতুবউদদীন এমরান, সদস্য সচিব মনিরুজামান মনির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, মো. জাকিরুল ইসলাম খোকা, কুতুবউদদীন এমরান, মো. মনিরুজজামান প্রমুখ।
বাংলাদেশ মেলায় লাইফ টাইম এচিভমেণ্ট অ্যাওয়াড দেওয়া হয় আটলান্টিক সিটির হোমটাউন হিরো অ্যাওয়ার্ড বিজয়ী বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএসজে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকাকে।
বাংলাদেশ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরী, রোকসানা মির্জা, আফজাল হোসেন, কামরুজ্জামান বকুল, মেহজাবিন প্রমুখ।



