
বিশেষ সংবাদদাতা | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

‘উইমেন অব ডিশটিঙ্কশন এওয়ার্ড’ হাতে ইমা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে (International Women’s Day Celebration) ৩০ মার্চ সন্ধ্যায় চ্যান্ডলারের সাইগন সেন্টারে আরিজোনায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১২ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে আরিজোনার গভর্নর প্রার্থী কারিন টেইলর রবসন, সিটি অফ চ্যান্ডলারের মেয়রসহ তিন শতাধিক গন্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। আমেরিকান রাজনৈতিক ও কমিউনিটি সংগঠক জামিলা নাহার ইমাকে এ অনুষ্ঠানে ‘উইমেন অব ডিশটিঙ্কশন এওয়ার্ড’ (Women of Distinction Award ) প্রদান করা হয়। উল্লেখ্য, ইমা এই বারো জনের মধ্যে বয়সের তুলনায় সর্বকনিষ্ঠ হলেও আমেরিকার মূলধারার রাজনীতিতে আরিজোনা স্টেটে ডেমোক্রেটিক পার্টির ৬ জন স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেনটেটিভের নির্বাচনে ক্যাম্পেইন ম্যানেজার ও কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে ব্যাপক ভুমিকা রেখেছেন।
আমেরিকান নিউ লিডারের একজন প্রশিক্ষক হিসেবে প্রার্থীদের ডিবেট এর প্রস্তুতি সহ কমিউনিকেশনের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন ইমা। ইমার অন্যান্য কাজের মধ্যে ডেসার্ট রিজ হাই স্কুল ছাত্র সংসদের ভিপি, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের চীফ অফ স্টাফ, ইউনিসেফ ক্যাম্পাস ইনিসিয়েটিভের প্রেসিডেন্ট, ইনভেস্ট ইন এড ও ফাইট ফর হার ইনিসিয়েটিভ উল্লেখযোগ্য। থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট (Thunderbird School of Global Management ) থেকে গ্লোবাল ম্যানেজমেন্টে মাস্টার্স করে ইমা গত বছর বাংলাদেশের জামালপুর আশেক মাহমুদ সরকারী কলেজে তিন মাস খন্ডকালিন অধ্যাপক হিসেবে কাজ করে।
ইমা ইতিপূর্বে বাংলাদেশ এসোসিয়েশন অব ফিনিক্সের আউটস্ট্যান্ডিং ইয়ুথ লিডার সম্মাননা ও আরিজোনা এশিয়ান আমেরিকান এসোসিয়েশনের আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা পেয়েছেন।International Women’s Celebration Committee র প্রেসিডেন্ট মাই লি এবং ভাইস প্রেসিডেন্ট ফারহানা শিফা আমেরিকায় জন্ম ও বেড়ে উঠা ইমাকে নতুন প্রজন্মের আশার আলো হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, ইমা ফোবানার সাবেক চেয়ারম্যান মাহাবুব রেজা রহিম ও রউশন আরা ইতির জ্যেষ্ঠ কন্যা।



