
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেনের গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনা এবং গাজায় চলমান গণহত্যার সঠিক সংবাদ আমেরিকার গণমাধ্যমে প্রচার ও প্রকাশ না করায় মার্কিন সাংবাদিকদের কঠোর ভাষায় নিন্দাজ্ঞাপনসূচক স্লোগানে হোয়াইট হাউজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন’র গালা ডিনারের অতিথিগণের কান ঝালাপালা হয়ে যায়। ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ ডিনার অনুষ্ঠিত হয়। এই হোটেলের প্রবেশ পথে শতশত বিক্ষোভকারি বাইডেনের নিন্দাসূচক স্লোগানের পাশাপাশি অনেকে মাঠে শুয়ে থাকেন ইসরায়েলি হামলায় নিহত নিরস্ত্র ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্যে।
ফিলিস্তিনির পোশাক পরিহিত এবং স্বাধীন ফিলিস্তিনের পতাকা হাতে, অনেকে ইয়াসির আরাফাতের অনুকরণে স্কার্প পরেছিলেন। ‘লজ্জা করে না তোমার’, ‘ধিক্কার দিচ্ছি তোমাকে’ বলতে বলতে বিক্ষোভকারীরা পিছু নেন অতিথিদের। কেউ কেউ উচ্চস্বরে বলেন, ‘পশ্চিমা মিডিয়া, আমরা তোমাদেরকে দেখছি, ইসরায়েলিদের জঘন্য বর্বরতা, গণহত্যার তথ্য কীভাবে তোমরা আড়াল করছো’। বিব্রতবোধকারীরা দ্রুত পায়ে ডিনার স্থলে ঢুকে পড়েন। এসোসিয়েশনের ৮ শতাধিক সদস্যসহ ছিলেন রাজনীতিক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং শীর্ষস্থানীয় আমলারা। মোট ৩ হাজারের অধিক অতিথির মধ্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ছিলেন ।
ডিনার পার্টিতে বক্তব্যকালে প্রেসিডেন্ট বাইডেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত রাখতে, মিথ্যার বেসাতিকে দূরে সরিয়ে দিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তার প্রসঙ্গে বলেন, ‘সাংবাদিকতা কখনোই অপরাধ নয়, এখানে, ওখানে, বিশ্বের কোথাও নয়। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়েই সত্য প্রকাশ ও প্রচারে নিবেদিত থাকেন। সেজন্যেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুক্ত সাংবাদিকতাকে। কিছু মানুষ সাংবাদিকদেরকে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। তা ভুল এবং ভয়ংকর। কারণ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। বাইডেন বলেন, সাংবাদিকরা কাজ করেন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, যুদ্ধক্ষেত্রে, আরো অনেক সময়েই।
সহকর্মী সাংবাদিকের অনেকে নিষ্ঠার সাথে দায়িত্ব করতে নিজেদের জীবন দিয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন, অনেক সাংবাদিক তার স্বাধীনতা হারিয়েছেন। তাই সাংবাদিকতা ক্লিয়ারলি কোন অপরাধ নয়, এখানে নয়, সেখানে নয়, কোথাও নয়। এ সময় উপস্থিত সকলে বিপুল করতালিকে মুখরিত করেন পুরো অডিটরিয়াম। বাইডেন বলেন, আমি পুটিনের প্রতি আহবান রাখছি অবিলম্বে গ্রেফতারকৃত মার্কিন সাংবাদিকসহ সকলের মুক্তি দানের জন্যে এবং তাদের মুক্তির জন্যে যা দরকার তা করে যাবো। অন্যায়ভাবে বিশ্বে যেখানেই সাংবাদিক আটক রয়েছেন, আমি সকলের মুক্তি চাচ্ছি।



