
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ জুলাই ২০২২ | প্রিন্ট | ১১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

সিটি মেয়র এরিক এডামস মেলা কমিটি ও স্পন্সরগণকে পাশে নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
উচ্ছ্বসিত জনতার ভালোবাসায় অভিভূত মেয়র এরিক অ্যাডামস প্রবাসীদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সহ নানা ক্ষেত্রে অবদানের প্রশংসা করেন। মেয়র এরিক সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।
আমি সবসময় আপনাদের পাশে আছি। উল্লেখ্য, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বাঙালীদের আয়োজনে কোন পথমেলায় মেয়র এরিক অ্যাডামস-এর এটিই ছিল প্রথম উপস্থিতি। মেয়রকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ছিলেন ব্রঙ্কসের এই আনন্দ-মেলার হোস্ট ব্যান্ডস’র কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশীরা।
মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতি আর দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৪ জুলাই রোববার ব্রঙ্কসে পার্ডি স্ট্রিটে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি’ তথা ব্যান্ডস’র এই ঈদ পুুনর্মিলনী ও পথমেলা।
প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে বসেছিল দিনব্যাপী এ মেলা। মেলায় আসা হাজারও দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেন এ আনন্দ আয়োজন। হোস্ট সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেট গুস্তাভো রিভেরা, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান নাতালিয়া ফার্নান্দেজ, কাউন্সিলওম্যান আমান্দা ফারিয়াহ, কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজের কমিউনিনিটি লিয়াজন নীপা, ঢাকা দক্ষিণ সিটির মতিঝিল থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান ও ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শিরিন গাফ্ফার।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠানমালা শুরু হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা হোম কেয়ার সার্ভিস’র কর্ণধার আবু জাফর মাহমুদ।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নী মঈন চৌধুরী, তরুণসমাজকর্মী এবং রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল, প্যারালিগ্যাল স্পন্সর মোঃ আলী ও ট্রায়াল অ্যাটর্নী কেভিন পেরেজ, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুস শহীদ, বোর্ড অব ট্রাস্টি জুনেদ আহমদ চৌধুরী, সহ সভাপতি জকি উদ্দিন চৌধুরী, সহ সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, নতুন প্রজন্মের স্পেশালাইজ হাই স্কুল আমেরিকান স্টাডিস এ্যাট লিমেন কলেজ ছাত্রী ছামিহা বিন্তে আলী।
মেলায় মেয়রকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, মেলার উদ্বোধক আবু জাফর মাহমুদ, খলিল বিরিয়ানি হাউসের সত্ত্বাধিকারী খলিলুর রহমান ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ব্যান্ডস-এর কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে দেশজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হয় পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় বাংলাদেশী নানা ধরণের পোশাক, প্রসাধন, গয়না, টিউটোরিয়াল, রিয়েল এস্টেট, ফার্মেসি, মজাদার খাবার, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। স্টলগুলোতে দর্শর্নার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ বেচা-বিক্রি হয়েছে বলেও জানান বিক্রেতারা। সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকে মেলা আঙিনায়। চমৎকার আবহাওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীর অংশ গ্রহণে এটি পরিণত হয় স্মরণীয় মেলায়। উপচেপড়া দর্শর্নার্থীর অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী এ আনন্দমেলা।
ব্যান্ডস আয়োজিত জমজমাট এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিনের অনন্য পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া, অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি সহ অন্যান্য শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখেন আগত দর্শক-শ্রোতাদের। এসব মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
মেলার বিভিন্ন পর্বে বক্তারা বলেন, নিউইয়র্ক সিটির অন্যতম সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে ব্রঙ্কস। ব্রঙ্কসে রয়েছে সিটি কাউন্সিল অনুমোদিত ‘বাংলা বাজার এভিনিউ’। ব্রঙ্কস নানা কারণে প্রবাসী বাংলাদেশীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠছে দিন দিন। ব্রঙ্কসকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্রোকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী বলেন, আনন্দঘন পরিবেশে উপচে পড়া ভিড়ে মেয়রের উপস্থিতিতে আশাতীত সাফল্যে ব্যান্ডস মেলা সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া বলেন, প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় জমজমাট এ ঈদ পুুনর্মিলনী ও পথমেলা। প্রবাসীদের নির্মল আনন্দ দান, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।



