
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
” মোদের গর্ব মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ”-এই স্লোগানে ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) তিন দিনব্যাপি সম্মেলন হবে মিশিগানে বাংলাদেশি অধ্যুষিত ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অর্থাৎ লেবার ডে উইকেন্ডে চলবে নানা কার্যক্রম। ফোবানার সামগ্রিক প্রস্তুতি আলোকে রবিবার ৩০ জুন দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির ‘আড্ডা ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে’ ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে সেখানকার সংবাদদাতা আশিক রহমান জানান।
শারমিন তানিমের উপস্থাপনায় শুরুতেই ফোবানা সামগ্রিক কার্যক্রম, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও উপস্থিতি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ছিলেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, যুগ্ম সম্পাদক কবির কিরণ, অর্থ সম্পাদক তুষার রেজা এবং কেন্দ্রীয় কমিটির সৈয়দ শাকিল আহমেদ।
সংবাদ সম্মেলনে মিশিগানে ৩৮ তম ফোবানার আয়োজক কমিটির কনভেনর হিসেবে কামরুল হুদা রাসেল, মেম্বার সেক্রেটারি খালেদ হোসেন, কনভেনশনের প্রেসিডেন্ট নাসির সবুজ, চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন, কনভেনশন স্ট্র্যাটেজি এ্যান্ড প্ল্যানিং ডাইরেক্টর জাহেদ আলী, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেলসহ, কালচারাল সেক্রেটারি রশি মীরের নাম ঘোষণা করা হয়। এছাড়া আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাব-কমিটি এবং সদস্যদের নাম ঘোষণা করে । এসময় জানানো হয় যে, শীঘ্রই হোস্ট কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, দীর্ঘ ২১ বছর পর অর্থাৎ ২০০৩ সালের পরে আমেরিকার ২য় বৃহত্তম বাংলাদেশির আবাসস্থল মিশিগানে বসছে ফোবানার ৩৮ তম আসর। আতিক আরো জানান, ফোবানার মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। এমনকি এবারের ফোবানা সম্মেলনের মাধ্যমে মিশিগানে বাংলাদেশি-আমেরিকানদের কাঙ্খিত কন্স্যুলেট অফিস স্থাপনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোরালো আহবান জানানো হবে।
সংবাদ সম্মেলনের শেষে ফোবানা সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কমিটি এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ সম্মলনে থাকবে বিশেষ সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। সেমিনারগুলোতে অংশগ্রহণ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং সাংবাদিক সহ সংশ্লিষ্ট সেক্টরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা।
আয়োজকরা আরো জানান, ফোবানা সম্মেলনের কার্যক্রম ২ ভাগে অনুষ্ঠিত হবে। সেমিনার হবে মিশিগানের সাউথ ফিল্ডের হিলটন গার্ডেন হোটেলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে। আসবেন তারকা শিল্পীরা। সংবাদ সম্মেলনে মিশিগানে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



