
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ফিলাডেলফিয়া সিটির আল আকসা মসজিদ।
৯ মাসের ব্যবধানে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় মসজিদের পার্কিং লটে গুলি করে আরেকজন মুসল্লীকে হত্যার হৃদয় বিদারক ঘটনা ঘ্টলো। ৩০ জুলাই মঙ্গলবার আসরের নামাজ আদায়ের জন্যে ফিলাডেলফিয়া সিটির জার্মান টাউন এভিনিউতে অবস্থিত আল আকসা ইসলামিক সেন্টার মসজিদের পার্কে গাড়ি রেখে মসজিদে প্রবেশের প্রাক্কালে ৪৩ বছর বয়েসী এক কৃষ্ণাঙ্গ মুসল্লীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল গণমাধ্যমে জানান, টার্গেট করেই এই মুসল্লীকে হত্যা করা হয়েছে। কারণ, ঘাতক মসজিদের সামনে গাড়ি দাঁড় করিয়ে দৌড়ে মুসল্লীর কাছে গিয়ে কয়েক রাউন্ড গুলিতে তাকে ভূপাতিত করে এবং এরপর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মুসল্লীর ওপর দাঁড়িয়ে আরো কয়েক রাউন্ড গুলিতে তার মৃত্যু নিশ্চিত করেই সটকে পড়েছে বন্দুকধারি ঘাতক। কৃষ্ণাঙ্গ মুসল্লীর সাথে আরেকজন ছিলেন।
তাকে আঘাত কিংবা গুলি করা হয়নি। প্রত্যক্ষদর্শীর বিবরণ প্রদানকালে পুলিশ পরিদর্শক উল্লেখ করেন, সুনির্দিষ্টভাবেই তাকে হত্যার উদ্দেশ্য ছিল ঘাতকের। মোট ১৭ রাউন্ড গুলি বর্ষিত হয়েছে।
নিহত মুসল্লীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি ৩১ জুলাই ভোর পর্যন্ত। তবে এর ৯ মাস আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্যে এই মসজিদের নিকটে আপার ডারবি সিটিতে মসজিদ আল মদিনার পার্কিং লটে গাড়ি রাখার পরই গুলিতে নিহত হন মাহবুব রহমান (৬৫) নামক এক বাংলাদেশি। সেই নৃশংসতার ভীতি মুসল্লীগণকে এখনো তাড়া করছে। তেমনি অবস্থায় একইস্টাইলে আরেকজন মুসল্লীকে হত্যার ঘটনায় কম্যুনিটি নতুন করে ভীতিতে নিপতিত হলো। এই ঘাতকের সন্ধান দিলে নগদ ২০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে ফিলাডেলফিয়া পুলিশ।
বুধবার সকালের তথ্য অনুযায়ী এই হত্যাকান্ড ছাড়া গত এক বছর ফিলাডেলফিয়া মেট্র এলাকায় বন্দুক সহিংসতায় নিহত হয়েছেন ১৫৩ জন। আগের বছরের চেয়ে তা ৩৮%কম।



