
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে

ইলিনয় স্টেট সেক্রেটারির সাথে কন্সাল জেনারেল মুনির চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন
ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে বসবাসরত প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধানে সর্বাত্মক সহায়তার পাশাপাশি অভিবাসীদের কল্যাণে সদা সচেষ্ট থাকার কথা জানিয়েছেন ইলিনয় স্টেটের সেক্রেটারি দিয়েগো মরালেস।
গত সোমবার এই স্টেটের রাজধানী স্প্রীংফিল্ডে স্টেট সেক্রেটারির আমন্ত্রণে শিকাগোস্থ বাংলাদেশের অনারারী কন্সাল জেনারেল মুনির চৌধুরী সেখানে যান এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে দু’জনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
স্টেট সেক্রেটারির অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈঠকে শুধু শিকাগোতেই নয়; সমগ্র ইলিনয় স্টেটেই বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের অবদানের কথাও গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
উল্লেখ্য, শিকাগো সিটিতে বিশ্বের একসময়ের সর্বোচ্চ উইলিস টাওয়ার (সাবেক সিয়ার্স টাওয়ার্স, উচ্চতা ১৪৫১ ফুট, ১১০ তলা, উদ্বোধন হয় ১৯৭৩ সাল) টির স্থপতি হচ্ছেন বাংলাদেশি আমেরিকান এফ রহমান খান। সে কথাও উল্লেখ করেন স্টেট সেক্রেটারি।
কন্সাল জেনারেল মুনির চৌধুরী এ বৈঠক সম্পর্কে আরও জানান, প্রবাসীদের মেধা ও প্রতিভা বিকাশে স্টেট প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে স্টেট সেক্রেটারি উল্লেখ করেছেন।



