
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটিক পার্টির প্রভাবশালী কংগ্রেসওম্যান (কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ক্যালিফোর্নিয়া-২৭) জুডি চু ৩ সেপ্টেম্বর লসএঞ্জেলেস সিটিতে অনুষ্ঠানরত ফোবানা কনভেনশনে বক্তব্যকালে বললেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের সহায়তার জন্যে বাইডেন প্রশাসনের সাথে কাজ করছি। এ অভিপ্রায়ে আমি কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সাথেও থাকার অঙ্গিকার করছি।’
উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ ককাসের পুনরুজ্জীবনের ঘোষণা দিতে পারেন উভয় পার্টির বেশ ক’জন কংগ্রেসম্যান। জুডি চু তাদের অন্যতম বলেও জানা গেছে।
এশিয়ান-আমেরিকান এবং প্রশান্ত মহাসাগরীয় ককাসের চেয়ার এবং কংগ্রেসের বাজেট কমিটির অন্যতম সদস্য জুডি চু আরো বললেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনীর দিনটি বাংলাদেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি আমার কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দিবসটিকে স্মরণীয় করে রেখেছি। জুপি চু বিপুল করতালির মধ্যে আরো বললেন, এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশী অর্থ-সহায়তা পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। দু’দেশের মধ্যেকার সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়েও আমরা সেই ধারা অব্যাহত রাখার অঙ্গিকার করেছি এবং রোহিঙ্গা ইস্যুতে বাইডেন প্রশাসনের উদারনীতি আরো প্রসারিত করার জন্য ইতিমধ্যেই নানা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে।
বক্তব্যের পর কম্যুনিটির সার্বিক মঙ্গলে বিশেষ ভূমিকা রাখার জন্য ফোবানা প্রদত্ত বিশেষ সম্মাননা ক্রেস্ট তিনি হস্তান্তর করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াকে। কংগ্রেসওম্যান এ সময় উল্লেখ করেন, আর্ত-মানবতার সেবায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে। সেই বাংলাদেশের একজন হিসেবে আব্দুল কাদের মিয়াকে সম্মাননা ক্রেস্ট দিতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি। এ সময় তার পাশে ছিলেন ফোবানার একাংশের চেয়ারপার্সন আতিকুর রহমান, সাবেক চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা এবং জাকারিয়া চৌধুরী। আরো ছিলেন ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন পিন্টু, প্রধান সমন্বয়কারী কাজী মশহুরুল হুদা, সদস্য-সচিব সাঈদ এম হোসেন প্রমুখ।
কংগ্রেসওম্যান চলে যাবার পর ‘জয় বাংলা জাগলেই জয় হয় আমাদের’ শীর্ষক গীতি-আলেখ্য পরিবেশন করেন ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’র শিল্পীরা। এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে গোটা মিলনায়তন একাকার হয়ে পড়েছিল। আনোয়ার হক লাভলুর গ্রন্থনায় এই গীতি-আলেখ্যে অংশ নেন সাহিদা শিকদার হাই, দানিয়া সৈয়দ দিয়া, মুনজাবিন হাই, লুসি হাসান, সৈয়দ শাকিল হক, আরাফ হাসান, মুনতাহ, ওয়াদুদ, ধ্রুব, আরহান প্রমুখ। দেশবরেণ্য নজরুল গবেষক ও কন্ঠশিল্পী ড. লীনা তাপসি খান, বীর মুক্তিযোদ্ধা-কন্ঠশিল্পী তাজুল ইমাম, শাহ মাহবুব পুরো অডিটরিয়ামকে মাতিয়ে রেখেছিলেন।
এখানে উল্লেখ্য, ফোবানার আরেক পক্ষ শিকাগোতে সংগঠনের ৩৬তম সম্মেলন মহাসমারোহে আয়োজন করছে। সেখানেও অসংখ্য প্রবাসী গুণীজনরা অংশ নিয়েছেন।



