
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বনভোজনে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
সময়ের বিবর্তনে স্নেহময়ী মায়ের ভালবাসা, বাবার আদর এবং অন্যান্য স্বজন ও বন্ধু বান্ধবের নিঃস্বার্থ ভালবাসা ছেড়ে জীবন এবং জীবিকার প্রয়োজনে আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করছেন পাবনাবাসী। ‘এখানে আমরা যত ভালই থাকি না কেন মনটা কাঁদে দেশ, মাটি ও বাঙালী সংস্কৃতির জন্য’-সে তাগিদেই বাঙালী ঐতিহ্যের অন্যতম আকর্ষণ বার্ষিক বনভোজন।
বিগত বছরগুলোর মত এবারও ১৪ আগষ্ট রবিবার ওয়েস্টচেস্টার কাউন্টি জিআই এফডিআর স্টেট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল পাবনা জেলার ঐতিহ্যবাহী ‘পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন’র দিনব্যাপী বনভোজনের নানা কর্মসূচি।
সকাল ১০টায় সংগঠনের সভাপতি এ, টি, এম কামাল পাশা সংক্ষিপ্ত বক্তব্য রেখে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এর কিছুক্ষণ পরেই পরিবেশন করা হয় সকালের নাস্তা। একইসাথে তরমুজ পরিবেশন করা হচ্ছিল। দুপুর ১২টায় শুরু হয় খেলাধুলার পর্ব। উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে ছিল ছোট্ট মনিদের দৌড় প্রতিযোগিতা, মেধা পরীক্ষা, চামুচে মার্বেল রেখে দৌড়, ফুটবল খেলা, বয়স্কদের বল নিক্ষেপ এবং মিউজিকের তালে মহিলাদের বালিশ নিক্ষেপ।
খেলাধূলা পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সম্পাদক খন্দকার রেজাউল করিম। তাকে সহযোগিতা করেন শহিদুল ইসলাম, তাওহীদ সুমন, আব্দুল গাফ্ফার বাবু, শফিকুল আলম নিয়ন ও মনিরুজ্জামান মনি। খেলাধুলার পর্ব শেষে শুরু হয় দুপুরের খাবার। পুরুষ এবং মহিলাদের পৃথক লাইনে শৃংখলার সাথে খাবার পরিবেশন করা হয়।
খাবারের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রকিব উদ্দিন দুলাল, সাবেক সভাপতি ওয়াজেদ আলী খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি ইউনুছ আলী, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মাজহারুল হান্নান প্রিন্স সহ অনেকে। সাংস্কৃতিক পর্বে গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন সবার প্রিয় সংগিত শিল্পী শশি। এ পর্বে ওয়াজেদ আলী খান বাচ্চু, এবং ইসমাইল হোসেন স্বপন বিনোদনে বিশেষ ভ‚মিকা রাখেন।
এ বনভোজনের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা পাবনা পৌরসভার সাবেক মেয়র মোঃ জহুরুল ইসলাম বিশু। বিশেষ অতিথির মধ্যে ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশরাফ।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের পরিচয় পর্ব শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর খেলাধুলায় অংশ গ্রহনকারী এবং রাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। বিতরন পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এম, এ, বারী। সহযোগীতা করেন রকিব উদ্দীন দুলাল ও খন্দকার রেজাউল করিম।
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের সভাপতি এ, টি, এম কামাল পাশা, সাবেক সভাপতি ওয়াজেদ আলী খান, প্রধান অতিথি জহুরুল ইসলাম বিশু, আহব্বায়ক মতিউর রহমান মতিন, ও সাধারন সম্পাদক এম, এ, বারী। শেষে সংগঠনের সভাপতি এ, টি, এম কামাল পাশা সংগঠনের সকল সদস্য, পাবনাবাসী, আমন্ত্রিত অতিথি, বনভোজন সফল করার জন্য যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সবাইকে আগামী বছরের আগাম দাওয়াত জানিয়ে বনভোজনের সমাপনী ঘোষনা করেন।



