
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মিশিগান : বাংলা টাউন নামফলকে কালিমা লেপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ছবি-সংগ্রহ।
মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটিতে ‘বাংলাটাউন’ নামফলকে কালো কালি লেপনের ঘটনায় কম্যুনিটিতে ক্ষোভ দেখা দিয়েছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসীরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। ৫/৭ বছর আগে স্থাপিত এই নামফলকে এহেন অপকর্মে লিপ্তদের হদিস উদঘাটনে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ। উল্লেখ্য, মিশিগানের ডেট্রয়েট এবং হ্যামট্রমিক সিটি এলাকায় ৩০ হাজারের অধিক বাংলাদেশী বাস করছেন। হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র কামরুল হাসান-সহ নেতৃবৃন্দ এহেন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিজস্ব উদ্যোগে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
শনিবার ৫ নভেম্বর বিকেলে বিষয়টি প্রবাসীদের নজরে আসে। তাদের ধারণা, গত শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে ডেট্রয়েট সিটি পুলিশ তদন্তে নেমেছে।
বাংলাটাউন নামফলকের দুই পাশে কালো রং দিয়ে লেপন করে দেওয়ায় ফলকটি শ্রীহীন হয়ে পড়েছে।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন ফলকটি নির্মাণ করে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স। ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালে ৬ নভেম্বর মিশিগান স্টেটের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এই এলাকাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাটাউন’র স্বীকৃতি প্রদান করেন।
ডেট্রয়েট-হ্যামট্রম্যাক শহরের প্রবেশমুখের কনান্টে দৃষ্টিনন্দন বাংলাটাউন ফলকটি বাংলাদেশিসহ অন্যদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ঐতিহ্য বহন করে আসা এই ফলকটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছেও খুবই আকর্ষণীয় স্পট। কম্যুনিটির ধারণা, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারি কোন গোষ্ঠির মদদে ভাড়াটে দুর্র্বত্তরাও এহেন দুষ্কর্মে লিপ্ত হতে পারে।



