
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গাঁজার গাছ। ছবি-সংগ্রহ।
ব্রুকলীন বাদে নিউইয়র্ক সিটির ম্যানহাটান, ব্রঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড বরোর ২৮ ডিসপেনসারি এবং ৯টি স্বেচ্ছাসেবক সংগঠনকে গাঁজা বিক্রির লাইসেন্স প্রদান করা হলো। নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট সোমবার এই অনুমোদন প্রদান করেছে। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে গাঁজা বিক্রির জন্যে ডিসপেনসারি নির্দিষ্ট করার এটাই প্রথম ঘটনা সারা আমেরিকায়।
আলবেনীর একটি ফেডারেল কোর্টের মাননীয় বিচারক নভেম্বরের প্রথমদিকে প্রদত্ত এক রুলিংয়ে ব্রুকলীন বরো ছাড়াও সিরোক্যুস, রচেস্টার এবং বাফেলো এলাকায় গাঁজা বিক্রির জন্যে ডিসপেনসারি নির্দিষ্টকরণের বিরুদ্ধে মত দিয়েছেন।
সেটি বহাল রেখেই স্টেট পার্লামেন্ট বিষয়টির অনুমোদন দিল। মামলাটি করেছেন মিশিগানে গাঁজা বিক্রির জন্যে দন্ডিত এক ব্যক্তি। মামলার আবেদনে তিনি উল্লেখ করেছেন যে, ডিসপেনসারি নির্দিষ্ট করা হলে বাইরের স্টেটের লোকজনের পক্ষে গাঁজা ক্রয় করা কঠিন হয়ে পড়তে পারে। নিউইয়র্ক স্টেট গাঁজা নিয়ন্ত্রণ বোর্ড ২১ নভেম্বর এই ভোট প্রদান করেছে। এ সময় গাঁজাকে ব্যাপকভাবে বাজারজাত করার অভিপ্রায়ে আরো কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গাঁজা বিক্রির লাইসেন্সের জন্যে ইতিমধ্যেই ৯০৩ জন আবেদন করেছেন। এর প্রায় সকলেই গাঁজা ক্রয় ও সেবনের জন্যে জেল-জরিমানার শিকার হয়েছেন গাঁজাকে বৈধতা প্রদানের আইন তৈরীর আগে। গাঁজা বহন, সেবন এবং প্রকাশ্যে বিক্রির পক্ষে আইন তৈরীর সময় সংশ্লিষ্টরা যুক্তি দেখিয়েছেন যে, এটি অর্থকরী একটি পণ্যে পরিণত হবে। কারণ, গাঁজা সেবনকারির সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে সমগ্র আমেরিকায়। একসময় কেবলমাত্র কৃষ্ণাঙ্গরাই গাঁজায় আসক্ত থাকলেও সময়ের পরিক্রমায় হিসপ্যানিক, এশিয়ানরাও তালিকায় উঠেছে। কলেজগামী ছেলে-মেয়েরা গাঁজা সেবনকে ফ্যাশন হিসেবে গণ্য করছেন। বিষয়টি আইনসিদ্ধ হবার পর নিউইয়র্ক অঞ্চলে তা বাণিজ্যিকভিত্তিতে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে।



