
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ড. নীনা আহমেদ।
বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ সামনের নির্বাচনে ফিলাডেলফিয়া সিটির ‘কাউন্সিল এ্যাট লার্জ’ পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। সাড়ে তিন দশকেরও অধিক সময় যাবত খেটে খাওয়া মানুষের সার্বিক কল্যাণে কর্মরত আছেন তিনি।
এটি হচ্ছে সিটি মেয়রের সমার্থক একটি পদ অর্থাৎ মেয়রের মত তাকেও পুরো সিটির ভোটে বিজয়ী হতে হবে। সর্বশেষ ২০২০ সালে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমক্র্যাট প্রার্থী হিসেবে ৩১ লাখ ২৯ হাজার ১৩১ ভোট পেয়েও জয়ী হতে পারেননি। রিপাবলিকান পার্টির টিমোথি ডিফুর ৩৩ লাখ ৩৮ হাজার ৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। উল্লেখ্য, এর আগে তাকে এই ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে মনোনীত করা হয়েছিল।
ড. নীনা প্রেসিডেনন্ট বারাক ওবামার এশিয়ান বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তৃণমূলের সংগঠক হিসেবে পার্টিতে তার শক্ত একটি অবস্থান রয়েছে। সামনের নির্বাচন প্রসঙ্গে পোড় খাওয়া এই রাজনীতিক এনওয়াই এর সাথে আলাপকালে বলেছেন, এখন নীচে থেকে ওপরে যেতে চাই। এজন্যে ‘সিটি কাউন্সিল এ্যাট লার্জ’ পড়ে লড়তে চাচ্ছি। এখানে যদি ভোটারগণের সমর্থন পাই তাহলে অন্যকিছু ভাববো।
ড. নীনার এ নির্বাচনে মাঠে নেমেছে একটি টিম। তাকে গড়তে হবে তহবিল। তহবিল যত মজবুত হয়,বিজয়ের পথও সুগম হয়-এটাই মার্কিন নির্বাচনী ময়দানের সহজ হিসাব। অর্থাৎ ক্যাম্পেইন ফান্ড বিশাল হওয়ার অর্থ দাঁড়ায় বহু মানুষ তার পক্ষে মাঠে নেমেছেন। এ অবস্থায় কম্যুনিটির সকলের উচিত হবে ড. নীনার তহবিল গঠনে সক্রিয় হওয়া। ১৭ আসনের সিটি কাউন্সিলের নির্বাচন হবে সামনের ৭ নভেম্বর অর্থাৎ সিটি মেয়রের নির্বাচনের সাথে। ‘সিটি কাউন্সিল এ্যাট লার্জ’র ৭ আসনে ডেমক্র্যাটিক পার্টির মমোনয়নযুদ্ধে অবতীর্ণ হবার ঘোষণা ইতিমধ্যেই আরো দিয়েছেন ফিলাডেলফিয়াস্থ ‘এডুকেশন পলিসি’র পরিচালক মাইকেল গ্যালভেন, বর্তমান কাউন্সিলর ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, কম্যুনিটি অর্গানাইজার টেরিল হেইগলার, বর্তমান কাউন্সিলর জিম হ্যারিটি, কম্যুনিটি অর্গানাইজিং এক্সিকিউটিভ এমান্ডা ম্যাকলিমুরে, সাবেক এক কাউন্সিলওে চীফ অব স্টাফ এরিন স্যান্টামুর এবং বর্তমান কাউন্সিলর আইসাইয়া থমাস।



